News Bangla 24×7 Online : অতনু বর্মন, কোচবিহার:
শুক্রবার কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে অনুষ্ঠিত হল বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’। সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাষ্ট্রীয় কার্যকারিণী কমিটির সদস্য ও বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। সভা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন তিনি।
দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মিঠুন বলেন, “আপনাদের সঙ্গে যেমন ব্যবহার করবে, আপনারাও ঠিক তেমনটাই ব্যবহার করবেন।” তাঁর অভিযোগ, তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে অরাজক পরিস্থিতি তৈরি করেছে এবং রাজ্যকে বাংলাদেশের মতো পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
স্বভাবসিদ্ধ আগ্রাসী ভঙ্গিতে মিঠুন আরও বলেন, “ওরা বাংলাদেশ ভাবছে। যতদিন এই মিঠুন চক্রবর্তীর গায়ে এক ফোঁটা রক্ত থাকবে, ততদিন কেউ এটা করতে পারবে না।” তাঁর বক্তব্যে বারবার উঠে আসে রাজ্য ও দেশের নিরাপত্তার প্রসঙ্গ।
সভামঞ্চ থেকে সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিজেপি নেতা বলেন, “দেশ বাঁচলে বাংলা বাঁচবে। এই রাজ্যকে কোনও দিন হাতছাড়া হতে দেব না। এটা আমাদের।” তিনি দাবি করেন, হিন্দু সনাতনীদের জন্য এই রাজ্যই একমাত্র আশ্রয়। “ওদের অনেক দেশ আছে। কিন্তু আমাদের তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব? আমাদের তো আর কোনও দেশ নেই,”—বলে আবেগঘন বার্তা দেন তিনি।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও হত্যার প্রসঙ্গ টেনে এনে মিঠুন চক্রবর্তী বলেন, এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জরুরি। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে বাম, কংগ্রেস ও তৃণমূলের উদ্দেশে খোলা আহ্বান জানান তিনি।
মিঠুনের কথায়, “শুধু বিজেপির লোকেদের বলছি না। যাঁরা কমিউনিস্ট, তাঁদের মধ্যে যাঁরা হিন্দু এবং হিন্দুত্বে বিশ্বাস করেন, তাঁদেরও ডাকছি। কংগ্রেসের মধ্যেও যাঁদের বিবেক আছে, তাঁদেরও আহ্বান। এমনকি তৃণমূলের মধ্যেও যাঁদের এখনও বিবেক রয়েছে, আসুন—এই সরকারকে একসঙ্গে উচ্ছেদ করি।”
সভায় মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। বিজেপির দাবি, এই সভা থেকেই কোচবিহার সহ উত্তরবঙ্গে সংগঠন আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে।

