News Bangla 24×7 Online : নিজস্ব প্রতিনিধি:
অভিনব কায়দায় জনসংযোগ সারলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে রাখা কাচের জারের মধ্যে রাখা ছিল একের পর এক চিরকুট—সেখানে লিখে নিজেদের সমস্যা, অভিযোগ ও প্রশ্ন জানালেন সাধারণ মানুষ।
কেউ লিখেছেন, ‘স্বামী দুবাইতে কাজ করে, ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়বে না তো?’ আবার কেউ জানিয়েছেন, ‘এলাকায় ডাক্তার নেই, ওষুধ বলতে শুধু প্যারাসিটামল দেওয়া হয়।’ বাস, অ্যাম্বুল্যান্স, আবাসন-সহ একাধিক পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী। মনোযোগ দিয়ে একের পর এক চিরকুট পড়ে শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধানের আশ্বাসও দেন তিনি।
তবে সভার শেষলগ্নে একটি চিরকুট নজরে পড়তেই মুহূর্তে বদলে যায় মেজাজ। প্রশ্নটি পড়ে মুচকি হেসে ফেলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। চিরকুটে লেখা ছিল—
‘আমি বিয়ের টাকা পাইনি।’
চিরকুটে লেখা নামটি পড়ে শোনান অভিষেক—মিক নাগাসিয়া। এরপর শ্রোতাদের উদ্দেশে প্রশ্ন করেন,
“কোথায় মিক নাগাসিয়া?”
শ্রোতাদের আসন থেকে উঠে দাঁড়ান এক তরুণী। অভিষেক তাঁকে প্রশ্ন করেন,
“বিয়ের টাকা পাননি? আবেদন করেছিলেন? কোথায় আবেদন করেছিলেন?”
উত্তরে তরুণী জানান, তিনি ডিএম অফিসে আবেদন করেছিলেন। বিষয়টি শোনার পর অভিষেক বলেন,
“আবেদনপত্রটা আমাকে একবার পাঠাবেন। আমি নিশ্চিত করব, যাতে টাকাটা আপনি পান। বিয়ের জন্য আগাম শুভেচ্ছা রইল।”
সভা শেষে উপস্থিত মানুষের মধ্যে হাসির রোল উঠলেও, একই সঙ্গে প্রশাসনিক সহযোগিতার আশ্বাসে স্বস্তি ফেরে সংশ্লিষ্ট তরুণীর মুখে। অভিনব এই জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে আবারও বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়—অভিযোগ শুনেই থেমে থাকা নয়, সমাধানই লক্ষ্য।

