News Bangla 24×7 Online নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল কলকাতা। দীর্ঘদিন ধরে দাবিপূরণ না হওয়ায় কয়েক হাজার সরকারি কর্মী কালীঘাট অভিযানের ডাক দেন।
মিছিল ধর্মতলায় পৌঁছাতেই মিউজিয়ামের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকায়। এরপরই আন্দোলনকারীরা ডোরিনা ক্রসিং অবরোধ করে বিক্ষোভে বসে পড়েন। ফলে মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চরম ভোগান্তি দেখা দেয়।
আন্দোলনকারীদের দাবি, মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবকে সরাসরি আলোচনায় বসতে হবে। তাঁদের অভিযোগ, ডিএ কর্মীদের আইনি অধিকার হওয়া সত্ত্বেও রাজ্য সরকার আদালতের নির্দেশ মান্য করছে না। পুলিশের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও সমাধান সূত্র মেলেনি। হাজরা ক্রসিং পর্যন্ত মিছিলের অনুমতি অথবা প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ না পাওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
এদিনের মঞ্চে আরজি কর কাণ্ডের নির্যাতিতার বাবা-মায়ের উপস্থিতি আন্দোলনে আলাদা মাত্রা যোগ করে। বিক্ষোভকারীরা ৩১ মার্চের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানান। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ইঙ্গিত দেন তাঁরা।
পরিস্থিতি সামাল দিতে ধর্মতলা ও সংলগ্ন এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। শীর্ষ আদালতের গঠন করা তদন্ত কমিটি বাকি ৭৫ শতাংশ ডিএ নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন তাকিয়ে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী।
#DAProtest#KalighatAbhijan#Dharmatala#GovernmentEmployees#BacklogDA#SupremeCourtOrder#KolkataProtest#TrafficDisruption#WestBengalNews#BreakingNews

