ভোটের আগেই দলবদলের খেলা! বিজেপি ছেড়ে তৃণমূলে পার্নো মিত্র

ভোটের আগেই দলবদলের খেলা! বিজেপি ছেড়ে তৃণমূলে পার্নো মিত্র

Spread the love

News Bangla 24×7 Online Desk: নিজস্ব সংবাদদাতা | কলকাতা
ভোটের আগেই রাজনীতির দাবার বোর্ডে বড় চাল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী তথা প্রাক্তন বিজেপি প্রার্থী পার্নো মিত্র। বুধবার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে শাসক শিবিরে যোগ দেন তিনি। আর তাতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বরাহনগরের রাজনৈতিক ময়দান।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন পার্নো মিত্র। সেই নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের তৎকালীন প্রার্থী তাপস রায়। ভোটে পরাজিত হয়েছিলেন পার্নো। উল্লেখযোগ্যভাবে, সেই তাপস রায় বর্তমানে বিজেপির নেতা। আর সেই সমীকরণ বদলেই এবার তৃণমূলে এলেন পার্নো।
এই দলবদল ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বরাহনগরের সাধারণ মানুষও বেশ বিভ্রান্ত। নাম প্রকাশে অনিচ্ছুক বাজার এলাকার এক বাসিন্দা বলেন,
“কী আর বলব! ফুলগুলো সব এখন ভুলভুলাইয়ার মতো লাগছে। কার ভোট কোথায় যাচ্ছে, বোঝাই দায়।”
আলমবাজার এলাকার এক যুবকের মন্তব্য,
“তাপস রায়ের রাজনৈতিক অভিজ্ঞতা অনেক। কিন্তু পার্নো মিত্রকে নিয়ে তৃণমূলের লাভ কী হবে বুঝতে পারছি না।”
বরাহনগর স্টেশন চত্বরে ক্ষোভ উগরে দিলেন আর এক বাসিন্দা—
“দিনের শেষে কে কোন দলে যাবে, সেটাই বোঝা দায়। আমাদের ভোট নিয়ে এরা ছেলেখেলা করছে।”
এদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন,
“২০২১-এ বরানগরে তৃণমূলের প্রার্থী ছিলেন তাপস রায়—তিনি এখন বিজেপিতে।
আর বিজেপির প্রার্থী পার্নো মিত্র এখন তৃণমূলে। তৃণমূল কংগ্রেস এদের কমিটির মাথায় বসাক।”
পার্নো মিত্র অবশ্য নিজের অবস্থান স্পষ্ট করে বলেন,
“আমি কে কোথা থেকে দাঁড়াব, সেটা দল ঠিক করবে। ম্যাডাম (মমতা বন্দ্যোপাধ্যায়) বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। আমি শুধু কাজ করতে চাই। দায়িত্ব পেলে সেটা পালন করব।”
অন্যদিকে, পার্নোর দলবদল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা তাপস রায়। তিনি বলেন,
“আমার মনে হয় আবার কোনও তৃণমূলের ত্যাগী কর্মীর সর্বনাশ হল। দলটা এখন এমন লোকদের দলে পরিণত হচ্ছে, যাঁরা আর অভিনয়ে কাজ পান না। বিজেপিতে আসা ভুল হয়েছিল বুঝতে পাঁচ বছর লেগে গেল—ভাবতেই অবাক লাগে।”
সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগেই বরাহনগরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। পার্নো মিত্র ভবিষ্যতে প্রার্থী হবেন কি না, তা নিয়ে জল্পনা জোরদার। তবে ভোটের অঙ্কে এই দলবদল কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।

#পার্নো_মিত্র
#তৃণমূল_কংগ্রেস
#বিজেপি
#বরাহনগর
#পশ্চিমবঙ্গ_রাজনীতি
#দলবদল
#বিধানসভা_ভোট
#তাপস_রায়
#চন্দ্রিমা_ভট্টাচার্য
#রাজনৈতিক_সংবাদ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *