News Bangla 24×7 Online : অভিজিৎ সাহা, চন্দ্রকোনা রোড পশ্চিম মেদিনীপুর : তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা সংঘটিত নৃশংস ও পরিকল্পিত প্রাণঘাতী হামলার প্রতিবাদে বিজেপি ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার ডাকে শুক্রবার চন্দ্রকোণা রোডে ধিক্কার মিছিল ও পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়। শালবনি বিধানসভার অন্তর্গত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কার্যত উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা।
মিছিল চলাকালীন স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চন্দ্রকোণা রোড। কর্মী-সমর্থকদের কণ্ঠে উঠে আসে,
“আয় দেখে যা মমতা, শুভেন্দুর ক্ষমতা”— এই স্লোগান।
রাজ্যের রাজনৈতিক হিংসা ও বিরোধীদের উপর একের পর এক হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয় মিছিল থেকে।
মিছিল শেষে আয়োজিত পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন,
“সেদিন তৃণমূল যদি হামলা না করত, তাহলে আজকে বিজেপির এই ক্ষমতা দেখতে পেত না। আজকের এই বিপুল জনসমাগমই প্রমাণ করে কত মানুষ আমাদের সঙ্গে রয়েছেন।”
তিনি আরও বলেন, রাজ্যে বিরোধী কণ্ঠস্বর দমন করতে শাসকদল পরিকল্পিতভাবে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিজেপি কর্মীদের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন,
“আমি কর্মীদের বলেছিলাম, মিছিলের সঙ্গে ডান্ডাটাও আনবেন। কারণ নিজেদের রক্ষা আমাদেরই করতে হবে।”
সভা মঞ্চ থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলা হয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, প্রশাসনের মদতেই রাজনৈতিক সন্ত্রাস চলছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আজ চরম অনিশ্চয়তার মধ্যে।
গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও, সম্ভাব্য অশান্তির কথা মাথায় রেখে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বিজেপির তরফে জানানো হয়েছে, আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা।

