News Bangla 24×7 Online , অভিজিৎ সাহা,ঝাড়গ্রাম: ফের জঙ্গলমহলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক গ্রাহক পরিষেবা কেন্দ্র (সিএসপি) কর্মীর কাছ থেকে বন্দুক ঠেকিয়ে প্রায় তিন লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের জামবনি থানা এলাকায়। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুটিয়া গ্রামের বাসিন্দা সুব্রত সিংহ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি সেন্টার চালান। এদিন সকালে গ্রাহকদের লেনদেনের জন্য ব্যাঙ্ক থেকে নগদ টাকা তুলে বাইকে করে গ্রামে ফিরছিলেন তিনি। ব্যাঙ্ক থেকে কিছুটা দূর যাওয়ার পর একটি বাইকে তিনজন যুবক তাঁকে অনুসরণ করতে শুরু করেন বলে অভিযোগ।
ঘং পেরিয়ে বালিডিহা পিচ রাস্তা ধরে বাহিরগ্রামের জঙ্গলের মধ্যে পৌঁছনোর পর আচমকাই সুব্রতের বাইকের পিছনে সজোরে লাথি মারেন দুষ্কৃতীদের একজন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি। সেই সুযোগে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা শুরু করে তিনজন। ব্যাগ বাঁচাতে বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি।
বিপদ বুঝে এক দুষ্কৃতী আচমকাই বন্দুক বার করে সুব্রতের মাথায় ঠেকায় বলে অভিযোগ। তাতেও ব্যাগ ছাড়তে রাজি হননি সুব্রত। তবে শেষ পর্যন্ত তিনজনের সঙ্গে পেরে উঠতে না পেরে গুরুতর আঘাত পান তিনি। টাকাভর্তি ব্যাগ নিয়ে বালিডিহার দিক দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
জামবনি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুব্রত সিংহকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সুব্রতের দাবি, তাঁর কাছে গ্রাহকদের মোট ২ লক্ষ ৬৮ হাজার টাকা ও নিজের ১৭ হাজার টাকা ছিল।
সুব্রত বলেন,
“অনেক চেষ্টা করেও শেষরক্ষা করতে পারলাম না। বুঝতে পারছিলাম আমাকে ফলো করা হচ্ছে। কিন্তু জঙ্গলের মধ্যে কেউ সাহায্য করতেও এগিয়ে আসেনি।”
ঘটনার তদন্তে নেমেছে জামবনি থানার পুলিশ। আশপাশের থানাগুলিতেও সতর্কবার্তা পাঠানো হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

