News Bangla 24×7 Online : কলকাতা:
কয়লাকাণ্ডে রাজ্যে ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৃহস্পতিবার সকালে একযোগে সল্টলেকের সেক্টর ফাইভে আই-প্যাকের অফিস, লাউডন স্ট্রিটে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের আবাসন এবং পোস্তা এলাকায় এক ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে দায়ের হওয়া কয়লাকাণ্ড সংক্রান্ত একটি পুরনো মামলার তদন্তের সূত্রেই এই অভিযান।
লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের চারতলা আবাসনে তখনই পৌঁছান ইডি আধিকারিকরা। সেই সময় বাড়িতেই ছিলেন প্রতীক জৈন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। অভিযানের কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা।
এরপর পরিস্থিতি আরও রাজনৈতিক রূপ নেয়, যখন দুপুর নাগাদ প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় কুড়ি মিনিট সেখানে থাকার পর একটি ফাইল ও ল্যাপটপ হাতে বেরিয়ে যেতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পরে তিনি অভিযোগ করেন, “দলের প্রার্থী তালিকা সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে ইডি।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও নিশানা করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “এটাই কি ইডির কাজ?”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি যদি পুলিশ দিয়ে বিজেপি পার্টি অফিসে অভিযান চালাই, তাহলে কী হবে?” এই মন্তব্যে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও তীব্র হয়।
এদিকে, ইডি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রীর নথিপত্র নিয়ে বেরিয়ে আসাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, “এটি সংবিধান স্বীকৃত তদন্তকারী সংস্থার কাজে সরাসরি হস্তক্ষেপ। এই পদক্ষেপ অনৈতিক ও অসাংবিধানিক।” তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ না নিলে রাজ্যে ভুল বার্তা যাবে।
প্রসঙ্গত, আই-প্যাক প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে, প্রাশান্ত কিশোরের নেতৃত্বে। ২০১৯ সালের পর থেকে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের সঙ্গে কাজ করছে সংস্থাটি। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যের পিছনে আই-প্যাকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে রাজনৈতিক মহলের অভিমত।
সূত্রের দাবি, কয়লা পাচার সংক্রান্ত এই মামলায় আগেও তৃণমূলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার ইডি ও সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, ইডি অভিযানের মধ্যেই সল্টলেকের আই-প্যাক অফিসেও পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখান থেকে একাধিক নথিপত্র তাঁর গাড়িতে তোলা হয়। অফিস চত্বরে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কৃষ্ণা চক্রবর্তী, সুজিত বসু সহ একাধিক দলীয় নেতা। ইডি অভিযানে রাজ্য রাজনীতিতে টানটান উত্তেজনা অব্যাহত।
হ্যাশট্যাগ (বাংলা):

