নকশালবাড়ির কদমামোড়ে মুখোমুখি সংঘর্ষে আহত আরও চার, শোকস্তব্ধ চিকিৎসক মহল
News Bangla 24×7 Online Desk: বিবেক বর্মন, নকশালবাড়ি:
পানিঘাটার উদ্দেশে যাওয়ার পথেই ভয়াবহ পথ দুর্ঘটনা। নকশালবাড়ির কদমামোড় সংলগ্ন পানিঘাটা–বাগডোগরা রাজ্য সড়কে দু’টি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মহিলা জুনিয়র চিকিৎসকের। আহত হয়েছেন আরও চারজন।
জানা গিয়েছে, রবিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই মহিলা জুনিয়র চিকিৎসক-সহ মোট চারজন চিকিৎসক একটি চারচাকা গাড়িতে করে পানিঘাটার উদ্দেশে রওনা দেন। একই সময়ে বিপরীত দিক থেকে কাজ সেরে শিলিগুড়ির দিকে ফিরছিল আরেকটি চারচাকা গাড়ি।
নকশালবাড়ির কদমামোড় এলাকায় হঠাৎ করেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দু’টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড। আহতদের উদ্ধার করে প্রথমে দু’জন জুনিয়র চিকিৎসককে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সায়ন্তনী ভাদুড়ি নামে এক মহিলা জুনিয়র চিকিৎসকের মৃত্যু হয়। বাকি তিনজনকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে দু’জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। অপর একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের অকালপ্রয়াণে স্তব্ধ হাসপাতাল চত্বর। দুর্ঘটনায় জড়িত দু’টি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।
#নকশালবাড়ি#পানিঘাটা#সড়কদুর্ঘটনা#JuniorDoctor#উত্তরবঙ্গমেডিক্যাল#দুর্ঘটনা#BreakingNews#DoctorDeath#WestBengalNews#সংবাদ#আজকেরখবর#newsbangla

