News Bangla 24×7 Online অভিজিৎ সাহা, চন্দ্রকোনা রোড:
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক (IPAC)-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও চক্রান্তমূলক ইডি হানার অভিযোগে উত্তাল হলো চন্দ্রকোনা রোড। এই ঘটনার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতৃত্বদের গুরুত্বপূর্ণ নথি অনৈতিকভাবে বিজেপির হাতে তুলে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে আজ গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশেষ প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
এদিন ব্লকের বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রতিবাদ মিছিল শেষে এক পথসভায় বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ব। বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি-সহ বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে। বিরোধী কণ্ঠ রোধ করতেই পরিকল্পিতভাবে এই ধরনের হানা ও হয়রানির রাজনীতি চলছে বলে দাবি করেন তাঁরা।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, পশ্চিম মেদিনীপুর তৃণমূল এসসি-এসটি সেলের সভাপতি কৃষ্ণেন্দু বিষই, শালবনী বিধানসভার বিধায়ক শ্রীকান্ত মাহাতো, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, গড়বেতা তিন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার সহ জ্ঞানাঞ্জন মণ্ডল, রাজীব ঘোষ, সুশান্ত সিংহ ,দেবকুমার দে, সাগর মণ্ডল ও অন্যান্য তৃণমূল কর্মী-সমর্থকেরা।
বক্তারা স্পষ্ট ভাষায় জানান, বিজেপির এই “রাজনৈতিক ষড়যন্ত্র” তৃণমূল কংগ্রেস কখনও মেনে নেবে না। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তৃণমূল কর্মীরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

