News Bangla 24×7 Online অভিজিৎ সাহা: সাংবাদিকতা থেকে সক্রিয় রাজনীতিতে পদার্পণ করলেন সাংবাদিক সন্তু পান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-এর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেছেন তিনি। রাজনৈতিক মহলে এই যোগদান ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন সন্তু পান। দীর্ঘদিন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকার পর এবার তিনি সরাসরি রাজনৈতিক ময়দানে নামলেন। তাঁর এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিজেপিতে যোগদানের পর নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট করেন সন্তু পান। সেখানে তিনি লেখেন,
“প্রত্যেকটা জার্নি শেষ হয় নতুন উদ্যমে নতুন জার্নির প্রস্তুতি হিসেবে৷ রিপাবলিক বাংলা ছাড়লাম। এবার মথুরার ছেলেটি পথ নির্দেশ দেবেন। নতুন কর্মের দিশা দেবেন।”
‘মথুরার ছেলেটি’ বলে তিনি কাকে ইঙ্গিত করেছেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিই ইঙ্গিত করেছেন। যদিও এ বিষয়ে সন্তু পানের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রের একাধিক বিশিষ্ট ব্যক্তি বিজেপিতে যোগদান করেছেন। সেই ধারাবাহিকতাতেই সন্তু পানের এই যোগদান রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
এখন দেখার, সাংবাদিকতা থেকে রাজনীতির ময়দানে সন্তু পান কতটা সক্রিয় ভূমিকা নিতে পারেন এবং দলীয় সংগঠনে তাঁর দায়িত্ব কী হয়।
