সোমেই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ, নাম না থাকলে নয়া ট্রাইব্যুনালে আবেদন সুযোগ

সোমেই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ, নাম না থাকলে নয়া ট্রাইব্যুনালে আবেদন সুযোগ

Spread the love

নিজস্ব সংবাদদাতা: আর অপেক্ষা নয়। আগামী সোমবার, ২৩ মার্চ প্রথম অতিরিক্ত (সাপ্লিমেন্টারি) ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এসআইআরে বিচারাধীন ভোটারদের নিষ্পত্তির পর এই তালিকা প্রকাশ করা হবে।

এর ঠিক একমাস পর, ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। কমিশন সূত্রে জানা গিয়েছে, বিচারাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যে ২৭ লক্ষ ২৩ হাজার জনের নাম যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হয়েছে। তাঁদের নামই প্রথম অতিরিক্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে। পাশাপাশি, আগামী সপ্তাহের শুক্রবার দ্বিতীয় অতিরিক্ত তালিকাও প্রকাশিত হতে পারে। এরপর প্রতি শুক্রবারই ধারাবাহিকভাবে এই তালিকা প্রকাশের ইঙ্গিত মিলেছে।

এদিকে, যাঁদের নাম অতিরিক্ত ভোটার তালিকায় থাকবে না বা বাদ পড়বে, তাঁদের জন্য নতুন ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন। ২৩ জেলার জন্য মোট ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। সেখানে কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম-সহ একাধিক প্রাক্তন বিচারপতি রয়েছেন। এই ট্রাইব্যুনালে অনলাইন ও অফলাইন—দু’ভাবেই আবেদন করা যাবে।

অনলাইনে আবেদন করা যাবে ECI NET মোবাইল অ্যাপ বা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে। অন্যদিকে, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের দফতরে অফলাইন আবেদন জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরই আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং সমস্ত আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনাল কার্যকর থাকবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *