বন্ধ হচ্ছে UTS অ্যাপ? লোকাল ট্রেনযাত্রীদের জন্য আসছে নয়া অ্যাপ RailOne

বন্ধ হচ্ছে UTS অ্যাপ? লোকাল ট্রেনযাত্রীদের জন্য আসছে নয়া অ্যাপ RailOne

Spread the love

News Bangla 24×7 Online : ডিজিটাল টিকিট ব্যবস্থায় বড়সড় বদল আনতে চলেছে ভারতীয় রেল

সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে প্রযুক্তি নির্ভরতা। লাইনে দাঁড়িয়ে লোকাল ট্রেনের টিকিট কাটার দিন প্রায় অতীত। নিত্যযাত্রীদের ভরসা দীর্ঘদিন ধরেই রেলের UTS (Unreserved Ticketing System) অ্যাপ। কিন্তু এই জনপ্রিয় অ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার এল বড় খবর। রেলের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ মার্চ থেকে UTS অ্যাপ কার্যত বন্ধ হয়ে যেতে পারে। তার পরিবর্তে চালু হচ্ছে নতুন অ্যাপ RailOne।

UTS অ্যাপের মাধ্যমে স্টেশন থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এক ক্লিকেই টিকিট কাটা যেত। পেপারলেস ও পেপার—দুই ধরনের টিকিট ব্যবস্থাই ছিল এই অ্যাপে। বহু নিত্যযাত্রী মাসিক বা মান্থলি টিকিটও কাটতেন UTS-এর মাধ্যমেই। তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, অ্যাপে আর মান্থলি বুকিং করা যাচ্ছে না। প্রথমে একে যান্ত্রিক ত্রুটি বলে মনে করা হলেও পরে রেলের বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, RailOne অ্যাপেই ভবিষ্যতে লোকাল ট্রেনের টিকিট, মান্থলি পাস, ট্রেন লাইভ লোকেশন, PNR স্ট্যাটাস-সহ সমস্ত রেল সংক্রান্ত পরিষেবা পাওয়া যাবে। ফলে একাধিক অ্যাপ ব্যবহারের ঝামেলা কমবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

যাঁদের বর্তমানে UTS অ্যাপে মান্থলি টিকিট রয়েছে, তাঁরা চাইলে তা RailOne অ্যাপে ট্রান্সফার করে নিতে পারবেন। জানা গিয়েছে, গুগল প্লে স্টোরে ইতিমধ্যেই RailOne অ্যাপ উপলব্ধ। UTS ব্যবহারকারীরা তাঁদের পুরনো লগইন তথ্য দিয়েই নতুন অ্যাপে প্রবেশ করতে পারবেন।

তবে আদৌ UTS অ্যাপ পুরোপুরি বন্ধ হয়ে যাবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পূর্ব রেলের এক সিনিয়র ডিআরও জানিয়েছেন, শনিবার পর্যন্ত এই বিষয়ে তাঁদের কাছে কোনও আনুষ্ঠানিক নির্দেশিকা পৌঁছয়নি।

সব মিলিয়ে, লোকাল ট্রেনযাত্রীদের জন্য ডিজিটাল টিকিট ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে ভারতীয় রেল—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *