বিদ্যাসাগর শিক্ষা নিকেতনে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও স্বেচ্ছা রক্তদান শিবির

বিদ্যাসাগর শিক্ষা নিকেতনে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও স্বেচ্ছা রক্তদান শিবির

Spread the love

News Bangla 24×7 Online : সংবাদ প্রতিনিধি অভিজিৎ সাহা, চন্দ্রকোণারোড: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাসাগর শিক্ষা নিকেতন (স্থাপিত—১৯৮৩)-এ আগামী ১২ ও ১৩ই জানুয়ারি ২০২৬ দু’দিন ব্যাপী অত্যন্ত সাফল্যের সঙ্গে আয়োজিত হল বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিদ্যালয়ের বার্ষিক উৎসব ও একাধিক সেবামূলক কর্মসূচি। শিক্ষা বিস্তারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখেই এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন, বৈদিক মন্ত্রোচ্চারণ, প্রণাম ও মন্ত্রপাঠ সহযোগে কর্পূর আরতির মাধ্যমে। পবিত্র ও ভাবগম্ভীর এই পরিবেশেই বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় বার্ষিক উৎসবের কর্মসূচি।

প্রথম দিন সকাল ৯টায় বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে হ্যান্ড রাইটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, মনোযোগ ও নান্দনিকতার প্রকাশ এই প্রতিযোগিতার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই মহৎ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মোট ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যা সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

দ্বিতীয় দিন বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় শীতবস্ত্র প্রদান পরিষেবা কর্মসূচি, যেখানে দুঃস্থ ও প্রান্তিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের মেধাবী ও কৃতী ছাত্রছাত্রীদের স্কলারশিপ ও শিক্ষামূলক পুস্তক প্রদান করা হয়, যা ছাত্রসমাজকে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করে। এর পর সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে গ্রুপ ভিত্তিক ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা ছিল জ্ঞান ও দলগত সহযোগিতার এক অনন্য মিলন।

সন্ধ্যা ৬টায় বিদ্যালয়ের কচিকাঁচাদের অংশগ্রহণে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতিনাট্য। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রাখে। দর্শকাসনে উপস্থিত অভিভাবক ও অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের সাবলীল ও আত্মবিশ্বাসী পরিবেশনায় মুগ্ধ হন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক বসু জানান, “শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় নয়, ছাত্রছাত্রীদের মধ্যে মানবিকতা, সমাজসেবা ও সাংস্কৃতিক চেতনাকে জাগ্রত করতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়।” তাঁর মতে, এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সব মিলিয়ে বিদ্যাসাগর শিক্ষা নিকেতনের এই দু’দিনের উৎসব চন্দ্রকোণারোড অঞ্চলে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং শিক্ষা ও মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *