News Bangla 24×7 Online নিজস্ব সংবাদদাতা:পশ্চিমবঙ্গ-সহ দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট রবিবারই ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। এদিন বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন। সেখানেই আসন্ন নির্বাচনের দিনক্ষণ ও ভোটের সূচি ঘোষণা করা হবে। সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার Gyanesh Kumar-এর নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ।নির্বাচন কমিশন সূত্রে খবর, আগের নির্বাচনের তুলনায় এ বার পশ্চিমবঙ্গে ভোটের দফা কমতে পারে। গত কয়েকটি নির্বাচনে রাজ্যে ছয় থেকে সাত দফায় ভোট হয়েছে। আর 2021 West Bengal Legislative Assembly Election-এ ভোটগ্রহণ হয়েছিল আট দফায়। তবে এবার সর্বোচ্চ দুই বা তিন দফায় ভোট হতে পারে বলেই কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে। জানা গিয়েছে, প্রথম দফার ভোট হতে পারে বাংলা নববর্ষের পর।কম দফায় ভোট হলেও রাজনৈতিক হিংসার সম্ভাবনার কথা মাথায় রেখে রাজ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পর্যবেক্ষক মোতায়েন করা হতে পারে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন কড়া নজরদারির ব্যবস্থা করবে বলে জানা গিয়েছে।পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ভোটের নির্ঘণ্টও একই সঙ্গে ঘোষণা করা হবে। এর আগে কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে। সেই বৈঠকে অধিকাংশ দলই কম দফায় ভোটগ্রহণের দাবি জানিয়েছিল।অন্যদিকে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় প্রায় ৬০ লক্ষেরও বেশি নাম ‘বিবেচনাধীন’ হিসেবে রাখা হয়েছে। বিরোধী দলগুলির প্রশ্ন, এই তালিকায় থাকা ভোটাররা আদৌ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না।নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটের আগে পর্যন্ত যেসব ‘বিবেচনাধীন’ নামের নিষ্পত্তি হবে, তাঁরা ভোট দিতে পারবেন। তবে নববর্ষের পর যদি প্রথম দফার ভোট হয়, তার মধ্যে সব নামের নিষ্পত্তি সম্ভব হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Posted inকোলকাতা পশ্চিমবঙ্গ