ভোটার তালিকার আতঙ্কে প্রাণ গেল বৃদ্ধের?

ভোটার তালিকার আতঙ্কে প্রাণ গেল বৃদ্ধের?

Spread the love

এসআইআর শুনানিতে হাজিরা দেওয়ার ধকলেই মৃত্যু নাজিতুল মোল্লার, শুরু রাজনৈতিক তরজা

News Bangla 24×7 Online : ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) ঘিরে আতঙ্কই কি প্রাণ কেড়ে নিল এক বৃদ্ধের? এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর ঠাকুরেচক গ্রামের বাসিন্দা ৬৮ বছরের নাজিতুল মোল্লার মৃত্যুকে কেন্দ্র করে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নাজিতুল। গত ২০ ডিসেম্বর তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়। সেই সময়ই বাড়িতে আসে এসআইআরের নোটিস। ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে চরম আতঙ্কে ভেঙে পড়েছিলেন তিনি।

গত ২৮ ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান নাজিতুল। নাকে অক্সিজেনের নল লাগানো অবস্থাতেই তাঁকে বাড়ি ফিরতে হয়। শারীরিক অবস্থা ভালো না থাকা সত্ত্বেও গত ৩১ ডিসেম্বর এসআইআরের শুনানিতে হাজিরা দিতে যান তিনি। পরিবারের অভিযোগ, অসুস্থ শরীর নিয়েই শুনানিতে যাওয়ার ধকল নিতে পারেননি বৃদ্ধ।

শুনানি থেকে বাড়ি ফেরার পর ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাজিতুল। পরিস্থিতির অবনতি দেখে পরিবারের সদস্যেরা ২ জানুয়ারি তাঁকে আবার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করান। শনিবার সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নাজিতুলের পরিবারের এক সদস্য বলেন,

“উনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ঠিক এই অবস্থায় শুনানির ডাক আসে। নাকে অক্সিজেনের নল গুঁজেই হাজিরা দিতে গিয়েছিলেন। ওই যাতায়াতের ধকলই শরীর নিতে পারেনি।”

পরিবারের দাবি, শারীরিক সমস্যার পাশাপাশি এসআইআর সংক্রান্ত মানসিক চাপই নাজিতুলের মৃত্যুর অন্যতম কারণ। তাঁদের কথায়, “ভোটার তালিকার আতঙ্কই কেড়ে নিল মানুষটাকে।”

এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, এসআইআরের নামে সাধারণ মানুষের উপর অমানবিক চাপ সৃষ্টি করা হচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *