News Bangla 24×7 Online, অভিজিৎ সাহা, গড়বেতা: ৫ই জানুয়ারি, সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পালিত হল জন্মদিন অনুষ্ঠান। এই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, ওই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। মানবিক কর্মসূচির মধ্য দিয়ে দলনেত্রীর জন্মদিন পালন করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়, জেলা পরিষদের সদস্য শান্তনু দে, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ বাগ, সাবিনা বেগম সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনার পাশাপাশি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার বার্তা দিতে চায় তৃণমূল কংগ্রেস।

