News Bangla 24×7 Online নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার দুপুর ১টা ২২ মিনিট নাগাদ আচমকাই ভূকম্পন অনুভূত হয় শহরজুড়ে। প্রাথমিক অ্যালার্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০। কম্পনের উৎসস্থল বাংলাদেশের খুলনা, যা কলকাতা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিনের কম্পন প্রায় ৪৫ সেকেন্ড স্থায়ী হয়—যা সাম্প্রতিক সময়ের তুলনায় অনেকটাই বেশি। বহুতল আবাসন ও অফিস থেকে আতঙ্কে নীচে নেমে আসেন শয়ে শয়ে মানুষ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র কম্পন অনুভূত হয়েছে বলে খবর।
শোনা যাচ্ছে, গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি পুরনো বাড়ি কম্পনের জেরে হেলে পড়েছে। যদিও এখনও পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টা ৫ মিনিট নাগাদও কলকাতার বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছিল। প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী সেই কম্পনের উৎসস্থল ছিল মায়ানমার। তারও আগে গত বছরের নভেম্বর মাসে সকাল ১০টা ৮ মিনিট নাগাদ ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণবঙ্গ। সেবার কম্পনের উৎস ছিল বাংলাদেশের নরসিংদীর কাছে, মাটির ১০ কিলোমিটার গভীরে।
বারবার ভূকম্পনের জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত শহরবাসী। তবে বিশেষজ্ঞদের মতে, এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই, সতর্ক থাকাই শ্রেয়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কম্পনের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে।
#KolkataEarthquake#EarthquakeInKolkata#Tremors#WestBengal#SouthBengal#BreakingNews#Khulna#EarthquakeAlert#CityNews#বাংলাখবর

