News Bangla 24×7 Online অভিজিৎ সাহা ও দীপাঞ্জন গণ: ২৮.০২.২০২৬: সাত সকালে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার শাখাবাই জঙ্গল থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।দেহ উদ্ধার করেছে গড়বেতা থানার অধীন চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ। শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা অঞ্চলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দলছুট একটি দাঁতাল হাতির হামলাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃতের নাম সৌরভ পালোই (২৮)। তাঁর বাড়ি গড়বেতা থানার অধীন আধারনয়ন বিটের ভোমরাডাঙ্গা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির কাছেই শাখাবাই জঙ্গলে কোনও কাজে গিয়েছিলেন সৌরভ। সেই সময় আচমকাই একটি দলছুট হাতির সামনে পড়ে যান তিনি। হাতির আক্রমণেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে অনুমান বনদপ্তরের।
কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন জঙ্গলের ভিতরে তাঁর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও গ্রামবাসীদের খবর দেন। দ্রুত গড়বেতা থানার অধীন চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চন্দ্রকোনা রোড রেঞ্জের বনকর্মীরাও। চন্দ্রকোনা রেঞ্জের রেঞ্জ অফিসার বিদ্যুৎ সিংহ বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। দলছুট হাতির হামলাতেই ওই যুবকের মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হবে।”
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি বনদপ্তরের তরফে এলাকাবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দলছুট হাতির আতঙ্কে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে।
#গড়বেতা#পশ্চিমমেদিনীপুর#দলছুটহাতি#হাতিরহামলা#জঙ্গলআতঙ্ক#চন্দ্রকোনারোড#বনদপ্তর#পুলিশতদন্ত#মেদিনীপুর#সংবাদ
