News Bangla 24×7 Online অভিজিৎ সাহা, পশ্চিম মেদিনীপুর: ২৮.০২.২০২৬: গড়বেতার সাংস্কৃতিক অঙ্গনে এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল শহরবাসী। নৃত্যাঞ্জলী নৃত্য শিক্ষালয় আয়োজিত ‘বসন্ত উৎসব ২০২৬’ এ বছর দশম বর্ষে পদার্পণ করল। গরবেতা হাই স্কুল ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানটি শনিবার বিকেল পাঁচটা থেকে শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন গরবেতা থানার ওসি চঞ্চল সিংহ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমী দর্শকরা।
উদ্বোধনী বক্তব্যে ওসি চঞ্চল সিংহ বলেন,
“এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যায়। ছোটদের প্রতিভা বিকাশের জন্য নৃত্যাঞ্জলী যে ভূমিকা পালন করছে, তা সত্যিই প্রশংসনীয়। আগামী দিনেও এই উদ্যোগ আরও বড় পরিসরে এগিয়ে যাবে বলেই আমার বিশ্বাস।”
নৃত্যাঞ্জলী নৃত্য শিক্ষালয়ের কর্ণধার সোমা কুন্ডু Soma Kundu বলেন,
“দশ বছর আগে খুব ছোট পরিসরে আমরা যাত্রা শুরু করেছিলাম। আজ গড়বেতার মানুষের ভালোবাসা ও সহযোগিতায় বসন্ত উৎসব দশম বর্ষে পৌঁছেছে। ছাত্রছাত্রীদের নিষ্ঠা ও অভিভাবকদের সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। ভবিষ্যতে আরও বৃহৎ আকারে এই উৎসবকে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে ছোট থেকে বড়—শিক্ষালয়ের ছাত্রছাত্রীরা রবীন্দ্রনৃত্য, লোকনৃত্য ও আধুনিক নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে বসন্তের রঙ, আনন্দ ও ঐতিহ্যকে জীবন্ত করে তোলে। দর্শকদের করতালিতে বারবার মুখরিত হয়ে ওঠে গরবেতা হাই স্কুল ময়দান।
রঙিন আলোকসজ্জা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আবহ। দশ বছরে পা দিয়ে নৃত্যাঞ্জলীর এই বসন্ত উৎসব গড়বেতার মানুষের কাছে এক আবেগের নাম হয়ে উঠেছে, যা প্রতি বছরই নতুন উদ্দীপনা ও প্রত্যাশা নিয়ে ফিরে আসে।
ভিডিও সংগ্রাহক : সাংবাদিক দীপাঞ্জন গণ ।

