News Bangla 24×7 Online অভিজিৎ সাহা, চন্দ্রকোনা রোড ও শিলদা:আসন্ন নির্বাচনের প্রাক্কালে জঙ্গলমহলে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড থেকে শুরু হল বিজেপির ‘পরিবর্তন যাত্রা’। এদিন দলীয় নেতৃত্বের উপস্থিতিতে পরিবর্তন যাত্রার রথ যাত্রা শুরু করে এবং বিভিন্ন এলাকা পরিক্রমা করে ঝাড়গ্রাম জেলার শিলদায় পৌঁছায়।
চন্দ্রকোনা রোডে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতো, নীলাঞ্জন অধিকারী, সমিত দাস, ধীমান কোলে, গৌতম কৌরি, পারিজাত চক্রবর্তী, পলাশ সেন সহ বিজেপির জেলা ও রাজ্যের একাধিক নেতৃত্ব।
পরবর্তীতে বিনপুর বিধানসভার অন্তর্গত শিলদা শিবশক্তি মাঠে পরিবর্তন যাত্রার জনসভা অনুষ্ঠিত হয়। সভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
এই সভামঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেসে বড় ভাঙনের ছবি সামনে আসে। যুব তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি রাজীব মাহাতো সহ তৃণমূলের সংখ্যালঘু সভাপতি এবং প্রায় ৫০০ জন যুব নেতা-কর্মী এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।
বিজেপিতে যোগদান করার পর রাজীব মাহাতো বলেন, “দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে কাজ করেছি। কিন্তু সাধারণ কর্মীদের মতামত ও মানুষের সমস্যার যথাযথ গুরুত্ব সেখানে দেওয়া হচ্ছিল না। এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থের কথা ভেবেই আমরা আজ বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে জঙ্গলমহলের উন্নয়নের লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করব।”
তিনি আরও বলেন, “আমাদের সঙ্গে ৫০০ যুবক ও কর্মী আজ বিজেপিতে যোগ দিয়েছেন। আমরা সবাই মিলে মানুষের পাশে থেকে কাজ করতে চাই এবং পরিবর্তনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেব।”
নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন দলের রাজ্য সম্পাদিকা সোনালি মুরমু, রাজ্য সহ-সভাপতি সমিত দাস, জেলা সভাপতি তুফান মাহাতো সহ উপস্থিত নেতৃত্ব।
বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের শাসক দলের প্রতি অসন্তুষ্ট হয়েই বহু কর্মী পরিবর্তনের আশায় বিজেপিতে যোগ দিচ্ছেন। রাজনৈতিক মহলের মতে, জঙ্গলমহলে এই দলবদল আগামী দিনে রাজনীতির সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

