চন্দ্রকোনা রোডে পোস্টার বিতর্ক! মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে শোরগোল

চন্দ্রকোনা রোডে পোস্টার বিতর্ক! মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে শোরগোল

Spread the love

News Bangla 24×7 Online নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা রোড: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে হঠাৎই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বৃহস্পতিবার রাস্তার পাশে লাল কালিতে হাতে লেখা একটি পোস্টার নজরে আসে স্থানীয়দের। সেই পোস্টারে ‘দিদির অনুগামী’ উল্লেখ করে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তোলা হয়েছে বলে দাবি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং তৃণমূল কংগ্রেসের অন্দরেও শুরু হয় গুঞ্জন। বিষয়টি নিয়ে মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এবং হোয়াটসঅ্যাপ মেসেজেরও কোনও উত্তর মেলেনি।

এ প্রসঙ্গে মন্ত্রীর স্ত্রী তথা তৃণমূলের জেলা পরিষদ সদস্য অঞ্জনা মাহাতো বলেন, “এমন কোনও পোস্টার পড়েছে কি না, সে বিষয়ে আমার জানা নেই।”

অন্যদিকে তৃণমূলের গড়বেতা-৩ ব্লকের সহ-সভাপতি জ্ঞানাঞ্জন মণ্ডল জানান, “চন্দ্রকোনা রোডে এরকম কোনও পোস্টার পড়েছে বলে আমাদের কাছে নির্দিষ্ট কোনও খবর নেই। তৃণমূল কংগ্রেস সংগঠিত দল, এখানে এ ধরনের অভিযোগের কোনও ভিত্তি নেই। কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, মানুষ তা বিশ্বাস করবে না।”

বিজেপি নেতা গৌতম কৌরী বলেন,

“চন্দ্রকোনা রোডে যে পোস্টার পড়েছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেই ক্ষোভের প্রতিফলন দেখা যাচ্ছে। তৃণমূলের ভেতরে কী চলছে তা মানুষ বুঝতে পারছে। স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ এখন আর নতুন কিছু নয়।”

চন্দ্রকোনা রোড মণ্ডলের বিজেপি সভাপতি পলাশ সেন বলেন,

“তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। সেই ক্ষোভই এখন পোস্টারের মাধ্যমে সামনে আসছে। মানুষ পরিবর্তন চাইছে, আর সেই পরিবর্তন খুব শীঘ্রই দেখা যাবে।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর বাড়তে শুরু করেছে। পোস্টার কে বা কারা লাগাল, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *