নিউজ বাংলা ২৪x৭ : কলকাতা:
প্রথম দফার ভোটের পর থেকেই তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দ্বিতীয় দফার ভোটের আগেই দলীয় নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশে সরাসরি ‘বিজয়োৎসব’-এর প্রস্তুতি নেওয়ার বার্তা দিলেন তিনি।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সোমবার বিকেলেই ভোটপ্রচার শেষ হয়েছে। তার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের X হ্যান্ডলে একটি পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন—
“আপনারা যতটা সম্ভব সবুজ আবির কিনে রাখুন। জমিয়ে রাখুন। কারণ ৪ মে-তে ভাল রকম ঘাটতি দেখা দেবে।”
এই বার্তার মধ্যেই স্পষ্ট ছিল তৃণমূলের জয়ের ব্যাপারে তাঁর দৃঢ় আত্মবিশ্বাস। এর আগেও তিনি দাবি করেছিলেন, প্রথম দফার ভোটের পরেই দল ‘সেঞ্চুরি’ পার করেছে এবং দ্বিতীয় দফার পর সেই সংখ্যা আরও বাড়বে। তাঁর দাবি, এ বারের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২০০-র বেশি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু আবির খেলার কথা নয়, ভোটের ফলপ্রকাশের দিন সাংস্কৃতিক উদ্যাপনেরও ইঙ্গিত দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন—
“ভোটের ফলপ্রকাশের পর রাজ্যের প্রতিটি কোণায় রবীন্দ্রসঙ্গীত বাজবে। আর হ্যাঁ, আমরা একটু ডিজেও বাজাব।”
তাঁর মতে, ‘বিজয়োৎসব’ ইতিমধ্যেই কর্মী-সমর্থকদের মনে শুরু হয়ে গিয়েছে, এবার শুধু রাস্তায় নামার অপেক্ষা। তবে একই সঙ্গে তিনি সতর্কও করেন—আনন্দ ও উন্মাদনা যেন সীমা না ছাড়ায়।
ভোটপ্রচারের বিভিন্ন জনসভাতেও বারবার ‘ডিজে’ বাজানোর প্রসঙ্গ তুলেছেন অভিষেক। তিনি বোঝানোর চেষ্টা করেছেন, জয় নিশ্চিত হলে যেমন রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক আবহ তৈরি হবে, তেমনই ডিজের তালে উদ্যাপনও হবে।
অন্যদিকে, শনিবার প্রচারের শেষলগ্নে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। নোটবন্দি থেকে শুরু করে এসআইআর—বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের ‘হয়রানি’ নিয়ে সরব হন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে ৪ মে পর্যন্ত বাংলায় থাকার ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দেন।
তিনি বলেন—
“আগামী ৪ মে বাংলায় থাকার জন্য আমি ওঁকে চ্যালেঞ্জ জানিয়েছি। বেলা ১২টার পর ওঁর সঙ্গে আমাদের দেখা হবে।”
ভোটের ফল ঘোষণার আগেই তৃণমূল শিবিরে এই আত্মবিশ্বাসী সুর এখন রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।
AbhishekBanerjee #TMC #MamataBanerjee #WestBengalElection2026 #PoliticalNews #BreakingNews #BanglaNews #GreenAbir #VictoryCelebration #AmitShah #NewsBangla24x7

