নিউজ বাংলা ২৪x৭ : নদিয়া | কালীগঞ্জ:
ভোটপ্রচারের শেষ দিনে তৃণমূল এবং সিপিএমের দুই মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার কালীগঞ্জ। একই জায়গায়, একই সময়ে দুই রাজনৈতিক দলের কর্মসূচির অনুমতি দেওয়া নিয়ে কালীগঞ্জ থানার এক পুলিশ আধিকারিকের সঙ্গে তীব্র বচসায় জড়ালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং সিপিএম নেতা শতরূপ ঘোষ।
ওই আধিকারিককে আঙুল উঁচিয়ে সরাসরি হুঁশিয়ারি দিতে দেখা যায় তাঁদের। এমনকি তাঁকে ‘তৃণমূলের দালাল’ বলেও কটাক্ষ করেন দুই নেতা। পুলিশের সঙ্গে এই উত্তপ্ত বাক্যবিনিময়কে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।
সোমবার কালীগঞ্জে দলীয় প্রার্থী সাবিনা-র সমর্থনে মিছিল করছিল সিপিএম। সেই মিছিলে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, শতরূপ ঘোষ-সহ অন্যান্য নেতারা। অভিযোগ, একই সময়ে ওই এলাকাতেই তৃণমূলেরও একটি মিছিল বের হয়। দুই মিছিল মুখোমুখি এসে পড়ায় বিশৃঙ্খলা তৈরি হয়।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু তাতেই উত্তেজনা আরও বাড়ে। এক পুলিশ আধিকারিককে উদ্দেশ করে মহম্মদ সেলিম বলেন—
“আপনি তৃণমূলের দালালি করেছেন। আপনার লোক এসে মাইক বন্ধ করতে বলল। আপনারা অপদার্থ। আপনারা থামাতে পারতেন। আমাদের মিটিংটা ভেস্তে দিয়েছেন আপনি।”
এরপর কীভাবে সভার অনুমতি দেওয়া হয়, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন শতরূপ ঘোষ। তিনি বলেন, স্থানীয় থানার এনওসি ছাড়া বিডিও অফিস থেকে অনুমতি দেওয়া সম্ভব নয়। তাই একই জায়গা ও সময়ে দুই দলের কর্মসূচির অনুমতি কীভাবে দেওয়া হল, তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।
পুলিশ আধিকারিককে উদ্দেশ করে শতরূপের কড়া মন্তব্য—
“আপনি তৃণমূলের বাবার মাইনে পান না।”
অভিযোগ, বিতর্কের মধ্যেই বক্তৃতা করতে উঠে মহম্মদ সেলিম আরও বলেন—
“বিনা অনুমতিতে যাঁরা মাইক লাগিয়েছে, তা খুলে ফেলুন। নয়তো আপনাদের উর্দি খুলে দেব।”
এই মন্তব্য ঘিরে নতুন বিতর্কও তৈরি হয়েছে।
অন্যদিকে, সোমবারের এই বিশৃঙ্খলার পিছনে ‘ষড়যন্ত্র’ দেখছেন কালীগঞ্জের নিহত তমন্নার মা তথা সিপিএম প্রার্থী সাবিনা। তাঁর অভিযোগ—
“তমন্নাকে যারা ফোনে হুমকি দিয়েছিল, তারা এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই অশান্তি করার জন্য মুর্শিদাবাদ থেকে গুন্ডা ভাড়া করে আনা হয়েছে।”
ঘটনার পর সিপিএম নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছে বলে জানা গিয়েছে। ভোটের ঠিক আগে এই উত্তেজনা কালীগঞ্জের রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলেছে।
#MohammadSelim #SatarupGhosh #CPIM #Kaliganj #Nadia #PoliticalNews #BreakingNews #BanglaNews #Election2026 #TMCvsCPIM #PoliceControversy #NewsBangla24x7

