নিউজ বাংলা ২৪x৭ : অভিজিৎ সাহা, চন্দ্রঃকোনরোড : নির্বাচনের শেষ লগ্নে পশ্চিম মেদিনীপুরে প্রচারের তাপমাত্রা আরও বাড়ালেন তৃণমূল কংগ্রেসের তারকা মুখ দেব (দীপক অধিকারী)। মঙ্গলবার বিকেলে শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো-র সমর্থনে চন্দ্রকোনারোড শহরে রোড শো করেন তিনি।
স্টেশনপাড়া এলাকা থেকে শুরু হওয়া এই রোড শো শহরের চৌরাস্তা পরিক্রমা করে সাতবাঁকুড়ার আগে গিয়ে শেষ হয়। শেষ মুহূর্তের এই নির্বাচনী প্রচারে অংশ নেন এলাকার বহু তৃণমূল কর্মী-সমর্থক।
রোড শো-তে উপস্থিত ছিলেন শ্রীকান্ত মাহাতো ও তাঁর সহধর্মিনী অধ্যাপিকা। এছাড়াও জেলা ও ব্লক স্তরের একাধিক তৃণমূল নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দলীয় পতাকা, স্লোগান এবং সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
বিশেষ করে যুব সমাজের মধ্যে দেব-কে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাস্তায় নেমে বহু যুবক-যুবতী তাঁকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। অনেককেই মোবাইলে সেই মুহূর্ত বন্দি করতে দেখা যায়।
রাজনৈতিক প্রচারের পাশাপাশি তারকাখ্যাতির প্রভাবও এই রোড শো-তে স্পষ্টভাবে ধরা পড়ে। তৃণমূলের এই প্রচারসভা শুধুমাত্র রাজনৈতিক সমাবেশ নয়, বরং একপ্রকার জনসংযোগ উৎসবে পরিণত হয়।
রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের আগে শেষ পর্যায়ের এই রোড শো শালবনীতে তৃণমূলের সংগঠনগত শক্তি ও জনভিত্তিকে আরও মজবুত করল।

