নিউজ বাংলা ২৪x৭: গড়বেতা | অভিজিৎ সাহা: সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করল গড়বেতার সেন্ট নিকোলাস পাবলিক স্কুল। অসাধারণ ফল করে স্কুলের নাম উজ্জ্বল করেছে তিন কৃতী পড়ুয়া।
তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আয়ুস্মান মিদ্যা, যার প্রাপ্ত নম্বর ৯৮.৮ শতাংশ। পাশাপাশি প্রেরণা নন্দী এবং শিখরাদ্রী দে—দু’জনেই অর্জন করেছে ৯৮.২ শতাংশ করে নম্বর।
তিনজনই গড়বেতার সিবিএসই বোর্ড অনুমোদিত সেন্ট নিকোলাস পাবলিক স্কুল-এর ছাত্রছাত্রী। একটি মফস্বল এলাকার স্কুল থেকে এইরকম নজিরবিহীন সাফল্য স্বাভাবিকভাবেই গোটা এলাকার কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে।
স্কুলের কর্ণধার ধনঞ্জয় পান বলেন,
“ছাত্রছাত্রীদের এই সাফল্য আমাদের কাছে অত্যন্ত গর্বের। তাদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।”
স্কুলের প্রিন্সিপাল সৌম্যব্রত চক্রবর্তীও এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,
“আমাদের ছাত্রছাত্রীদের এই অসাধারণ ফলাফল সত্যিই গর্বের। একটি মফস্বল এলাকা থেকেও যে জাতীয় স্তরের বোর্ড পরীক্ষায় এত ভালো ফল করা সম্ভব, তা ওরা প্রমাণ করেছে। শুধু মেধা নয়, নিয়মিত পরিশ্রম, শৃঙ্খলা এবং শিক্ষকদের দিকনির্দেশনা—এই তিনের সমন্বয়েই এই সাফল্য এসেছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এই পড়ুয়ারা আরও বড় সাফল্য অর্জন করবে বলেই স্কুল কর্তৃপক্ষ আশাবাদী।
এই কৃতিত্বে শুধু স্কুল নয়, গোটা গড়বেতা জুড়েই আনন্দের আবহ তৈরি হয়েছে। এলাকাবাসীর আশা, আগামী দিনেও এই বিদ্যালয় আরও বহু কৃতী ছাত্রছাত্রী উপহার দেবে এবং জেলার শিক্ষাক্ষেত্রে নতুন নজির গড়বে।

