নিউজ বাংলা ২৪x৭ : কলকাতা: বাংলা নববর্ষের প্রাক্কালে কালীঘাট মন্দির-এ পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে তিনি মন্দিরে পৌঁছন। সেখানে কালী মাকে শাড়ি, মালা অর্পণ করে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো দেন তিনি।
লাগাতার নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেও এদিন একাধিক জনসভা সেরে সন্ধ্যায় কালীঘাটে আসেন মুখ্যমন্ত্রী। পুজো দেওয়ার পর তিনি মায়ের আরতিও করেন এবং রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন।
মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন,
“বাংলার সব পরিবার-পরিজন-সহ বিশ্বের সকলকে প্রণাম জানাচ্ছি। মায়ের কাছে সকলের জন্য প্রার্থনা করেছি। মা সকলকে শক্তি দিক, ভক্তি দিক। সকলে ভালো থাকুন। শুভ নববর্ষ।”
এদিন তিনি বিশেষভাবে সকলের সুস্থতা, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সমাজে ঐক্য ও সম্প্রীতি বজায় থাকার প্রার্থনাও করেন তিনি।
উল্লেখ্য, নববর্ষের দিন থেকেই উত্তরবঙ্গে তাঁর একাধিক নির্বাচনী কর্মসূচি রয়েছে। ইসলামপুরে জনসভা এবং শিলিগুড়ি ও চালসায় রোড শো করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে টানা প্রচারে অংশ নেবেন তিনি।
এছাড়াও, পুজোর সময় কালীঠাকুরের শাড়ি নিয়ে প্রশ্ন তুলে তা ফেলে না দিয়ে গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

