নিউজ বাংলা ২৪x৭ : অভিজিৎ সাহা, মেদিনীপুর : ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম দফার ভোটের আগেই মেদিনীপুর কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ চরমে। তৃণমূল প্রার্থী সুজয় হাজরা-র বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে সরব বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। এই অভিযোগ নিয়ে সরাসরি নির্বাচন কমিশন-এর দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির।
জানা গিয়েছে, গত ২ এপ্রিল মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দেন সুজয় হাজরা। অভিযোগ, সেখানে নিজের আর্থিক ও ব্যবসায়িক সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন তিনি। বিজেপির দাবি, একটি অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও হলফনামায় তা অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী। এমনকি আয়ের হিসাবেও বড়সড় গরমিল রয়েছে বলে অভিযোগ।
এই প্রসঙ্গে শঙ্কর গুছাইত বলেন,
“সুজয়বাবু নির্বাচন কমিশনকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন। আমরা অবিলম্বে তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি জানাচ্ছি।”
আইন অনুযায়ী, হলফনামায় ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল করা হতে পারে। ইতিমধ্যেই নদিয়া জেলায় এক তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের নজির রয়েছে, ফলে মেদিনীপুরেও একই পদক্ষেপ নেওয়া হতে পারে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন সুজয় হাজরা। তাঁর দাবি,
“আমার পেশা ও আয় সংক্রান্ত সমস্ত তথ্য হলফনামায় উল্লেখ করা রয়েছে। তথ্য গোপনের কোনও প্রশ্নই ওঠে না। বিজেপি বিভ্রান্তি ছড়াচ্ছে।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশন এ বিষয়ে কোনও প্রশ্ন করলে আইন মেনেই তার জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেই এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই এই অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে মেদিনীপুরে।
ভোটের মুখে এই আইনি লড়াই মেদিনীপুর কেন্দ্রের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এখন নজর নির্বাচন কমিশন-এর পরবর্তী পদক্ষেপের দিকে।
