কাশ্মীর থেকে ভবানীপুরে বুলেটনিরোধক গাড়ি, ভোটে অশান্তি ঠেকাতে কড়া প্রস্তুতি নির্বাচন কমিশনের

কাশ্মীর থেকে ভবানীপুরে বুলেটনিরোধক গাড়ি, ভোটে অশান্তি ঠেকাতে কড়া প্রস্তুতি নির্বাচন কমিশনের

Spread the love

নিউজ বাংলা ২৪x৭ : কলকাতা: পশ্চিমবঙ্গের আসন্ন ভোটে অশান্তি রুখতে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। জম্মু ও কাশ্মীর থেকে আনা হল বিশেষ বুলেটনিরোধক গাড়ি, যা ইতিমধ্যেই ভবানীপুর এলাকায় টহলদারি শুরু করেছে।

বুধবার বিকেলে ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে এই অত্যাধুনিক গাড়িটি নজরে আসে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের সময় গুলি চালনা, পাথর ছোড়া বা বোমা বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি হলে এই গাড়ি ব্যবহার করা হবে। এছাড়া, কোনও ভিআইপি বা সাধারণ নাগরিক অশান্তির মধ্যে আটকে পড়লে তাঁদের উদ্ধার করতেও এই গাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

খাকি রঙের চারচাকা এই গাড়িটি সম্পূর্ণ বুলেটনিরোধক। সাধারণত সীমান্তবর্তী এলাকায় সিআরপিএফ বা অন্যান্য আধাসামরিক বাহিনী এই ধরনের গাড়ি ব্যবহার করে থাকে। গাড়ির ভিতরে একসঙ্গে প্রায় আট জন সশস্ত্র কমান্ডো থাকতে পারেন, যাঁদের হাতে থাকে আধুনিক অস্ত্র।

বিশেষ এই গাড়িতে ধোঁয়া ছড়ানোর ব্যবস্থাও রয়েছে, যা প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণ বা বিপজ্জনক পরিস্থিতি সামাল দিতে ব্যবহার করা হতে পারে। কমিশন সূত্রে খবর, কোনও এলাকায় অশান্তি ছড়ালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই গাড়ি মোতায়েন করা হবে।

এদিন ভবানীপুর থানার এলাকা থেকে শুরু হওয়া রুট মার্চ পদ্মপুকুর, চক্রবেড়িয়া, শরৎ বোস রোড হয়ে হাজরায় গিয়ে শেষ হয়। রাস্তায় দাঁড়িয়ে বহু মানুষ এই গাড়ি দেখতে ভিড় জমান এবং ছবি তোলেন।

রুট মার্চ চলাকালীন মাইকে প্রচার চালিয়ে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানায় কেন্দ্রীয় বাহিনী। তাঁদের বার্তা—
“সকাল সকাল ভোট দিন, নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি।”

উল্লেখ্য, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হবে এবং ফল ঘোষণা হবে ৪ মে। তার আগে রাজ্যের বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই স্পষ্ট করেছে, যে কোনও মূল্যে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করা হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *