‘রাজ্যের অবস্থা খারাপ’, পরিবর্তনে তরুণদের ডাক আর এন রবি-র—পাল্টা তোপ মমতা বন্দ্যোপাধ্যায়-এর

‘রাজ্যের অবস্থা খারাপ’, পরিবর্তনে তরুণদের ডাক আর এন রবি-র—পাল্টা তোপ মমতা বন্দ্যোপাধ্যায়-এর

Spread the love

নিউজ বাংলা ২৪x৭ : কলকাতা:

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তরুণ প্রজন্মকে ‘পরিবর্তনে’ শামিল হওয়ার ডাক দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। পয়লা বৈশাখ উপলক্ষে লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের অতীত গৌরব ও বর্তমান অর্থনৈতিক অবস্থার তুলনা টানেন এবং পশ্চিমবঙ্গের হারানো সম্মান পুনরুদ্ধারের আহ্বান জানান।

রাজ্যপাল বলেন, একসময় সাহিত্য, সংস্কৃতি ও শিল্পচর্চার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও দেশের অন্যতম শীর্ষ রাজ্য ছিল পশ্চিমবঙ্গ। কিন্তু বর্তমানে সেই অবস্থান অনেকটাই পিছিয়ে পড়েছে বলে তাঁর মন্তব্য। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন,
“ইতিবাচক হওয়ার প্রতিজ্ঞা করুন। পরিবর্তনের অংশ হওয়ার প্রতিজ্ঞা করুন। এই পরিবর্তন আমাদেরই করতে হবে।”

অর্থনৈতিক পরিসংখ্যান তুলে ধরে আর এন রবি দাবি করেন, একসময় দেশের জিডিপিতে পশ্চিমবঙ্গের অবদান ছিল ১০ শতাংশেরও বেশি, যা বর্তমানে অনেকটাই কমেছে। মাথাপিছু আয়ের ক্ষেত্রেও রাজ্য পিছিয়ে পড়েছে বলে তাঁর দাবি।

তিনি আরও বলেন,
“যে রাজ্য একসময় দেশকে পথ দেখাত, আজ সেই রাজ্যের পরিস্থিতি খুব খারাপ। তবে পশ্চিমবঙ্গ আবার নিজের গৌরব ফিরে পাবে—এই বিশ্বাস আমার আছে।”

এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। নাম না করে রাজ্যপালকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুরের ইসলামপুরের সভা থেকে তিনি বলেন,
“বাংলার লাটসাহেব আজ নববর্ষে অভিনন্দন না জানিয়ে আমাকে আক্রমণ করেছেন। আগে এমন অশান্তি ছিল না, এখন প্রতিদিন সমস্যা হচ্ছে।”

তিনি আরও দাবি করেন, বর্তমানে আইনশৃঙ্খলার দায়িত্ব নির্বাচন কমিশন ও কেন্দ্রের হাতে থাকায় রাজ্য সরকারের হাতে সেই ক্ষমতা নেই।

উল্লেখ্য, গত মার্চ মাসেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আর এন রবি। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নববর্ষের দিনেই রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হলেন তিনি। এর জেরে নবান্ন ও রাজভবনের সম্পর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়, তা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *